নিজস্ব সংবাদদাতা, পাঁচলা, হাওড়া: – সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার গাববেড়িয়া চাইল্ডহুড কে জি স্কুলে অনুষ্ঠিত হল ৫ম বর্ষের ঐতিহ্যবাহী লাচ্ছা-সিমুই উৎসব ২০২৬। পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই উৎসব এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
এই উৎসবকে ঘিরে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় এক সম্প্রীতির আবহ। আয়োজকদের দাবি, বিশ্বের বুকে এই ধরনের লাচ্ছা-সিমুই উৎসবের আয়োজন বিরল, যা তাঁরা প্রথম শুরু করেছেন।
উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখক, সাহিত্যিক, কবি, শিক্ষক, গবেষক, শিল্পী ও সমাজকর্মীরা। সকল অতিথি ও অংশগ্রহণকারীদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের লাচ্ছা-সিমুই প্রদর্শনী। বাদশাহী, জবদানা, জর্দ্দা, দুধের সিমুই, পোলাও সিমুই, স্পাইসি সিমুই সহ নানান স্বাদের পদ পরিবেশন করা হয় অতিথিদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা নিজেদের হাতে তৈরি সিমুই প্রদর্শন ও পরিবেশন করেন।
আয়োজক সংগঠনের সম্পাদক মুজিবুর রহমান মল্লিক জানান, “এই উৎসব শুধু খাদ্য সংস্কৃতি নয়, এটি ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্যের প্রতীক। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে মিলিত হয়ে আনন্দ ভাগ করে নেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।”
উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও কবিতা পাঠ পরিবেশিত হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সব মিলিয়ে, এই লাচ্ছা-সিমুই উৎসব প্রমাণ করে দিল—বৈচিত্র্যের মধ্যেই নিহিত রয়েছে ঐক্যের আসল সৌন্দর্য।
সম্প্রীতির মেলবন্ধনে হাওড়ায় লাচ্ছা-সিমুই উৎসব, ভিন্নধর্মী আয়োজন নজর কাড়ল।












Leave a Reply