মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন, মালদায় গ্রেফতার ৩ যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায় মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় বিহার যোগের তথ্য সামনে এসেছে।
শনিবার মালদার সামসীতে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে তিনি গাজোল যাওয়ার উদ্দেশ্যে কপ্টারে উঠতে গেলে হঠাৎই আকাশে একটি ড্রোন উড়তে দেখা যায়। ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
এরপরই তৎপর হয় পুলিশ। সভাস্থল থেকেই ড্রোন-সহ তিন যুবককে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মন্ডল ও নূর আক্তার। তিনজনেরই বাড়ি কাটিহার জেলায়।
তারা কেন মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছে ড্রোন ওড়াচ্ছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *