আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগ, ধৃত প্রধান ও তাঁর স্বামী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার রতুয়া-১নং ব্লকে কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মিনি ব্যাঙ্কে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ। আর এই অভিযোগেই রতুয়া-১নং ব্লকের তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের স্বামীকে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে চোর চোর আওয়াজ তুললেন ‘ প্রতারিত আমানতকারীদের একাংশ।জানা গেছে, রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই মিনি ব্যাংকের দীর্ঘদিন ম্যানেজার ছিলেন বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মন্ডলের স্বামী অনিল কুমার মন্ডল। এরপর অনিল কুমার মন্ডল সেই পদে নিজের ছেলে অমিত কুমার মন্ডলকে নিযুক্ত করেন। প্রায় পাঁচ থেকে সাত বছর তার ছেলে ম্যানেজার পদে রয়েছেন। ছেলে অমিতকুমার মণ্ডল এবং ক্যাশিয়ার ছিলেন তাঁর ভাইপো প্রণবকুমার মণ্ডল। এলাকার প্রায় ৫ হাজার ক্ষুদ্র কৃষিজীবী ও সাধারণ মানুষ ওই ব্যাংকে নিজেদের সঞ্চিত টাকা জমা রাখতেন। অভিযোগ, বছরখানেক আগে আচমকাই ব্যাংকের শাটারে তালা ঝুলে যায়। উধাও হয়ে যায় সমবায় সমিতির বোর্ডও। তারপর থেকেই ম্যানেজার ও ক্যাশিয়ারের কোনও খোঁজ মেলেনি।আমানতকারীদের অভিযোগ, প্রায় ১৩-১৪ কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন তাঁরা।
এই ঘটনায় বিলাইমারি এলাকার বাসিন্দা হৃদয় মণ্ডল ১৪ মে রতুয়া থানায় স্মৃতিকণা মণ্ডল, তাঁর স্বামী অনিলকুমার মণ্ডল, ছেলে অমিতকুমার মণ্ডল, ভাইপো প্রণবকুমার মণ্ডল ও প্রণবের স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে পুলিশ স্মৃতিকণা ও অনিলকে গ্রেপ্তার করে। পরিস্থিতি আঁচ করে বাকি তিন অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশের অনুমান।
শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ আমানতকারীরা রতুয়া থানার সামনে বিক্ষোভ দেখান। ধৃতদের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান তুলতে দেখা যায় তাঁদের। বহু আমানতকারী এদিন থানায় লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের দাবি, দীর্ঘ এক বছর ধরে ব্যাংকে তালা ঝুলছে। নিজেদের জমানো টাকা ফেরত না পেয়ে চরম সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। অভিযোগ, আমানতকারীদের টাকা আত্মসাৎ করেই অভিযুক্তরা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছেন।যদিও আদালতে যাওয়ার পথে ধৃত স্মৃতিকণা মণ্ডল অভিযোগ অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *