পড়ুয়াদের খাবার বঞ্চিত করে মিড ডে মিল সরানোর অভিযোগ, তদন্তের দাবিতে সরব গ্রামবাসী।।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি গ্রাম পঞ্চায়েতের অধীনে নবদুর্গা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় গ্রামবাসী ও একাধিক অভিভাবকের দাবি, বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী খাবার নিতে গেলেও তাদের খাবার দেওয়া হচ্ছে না। অভিযোগ, অবশিষ্ট খাবার বালতিতে ভরে বিদ্যালয় থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

অভিভাবকদের বক্তব্য, বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, ছাত্রছাত্রীদের প্রাপ্য খাবার যেন সঠিকভাবে বিতরণ করা হয় এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক।

স্থানীয়দের দাবি, ঘটনার একটি ভিডিওতেও দেখা যাচ্ছে দুই মহিলা দুই হাতে দুটি করে বালতি ভর্তি খাবার নিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন। গ্রামবাসীরা তাঁদের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁরা কোনও উত্তর না দিয়ে খাবার ভর্তি বালতি নিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও গ্রামবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং মিড ডে মিল প্রকল্পে কোনও অনিয়ম হয়ে থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, এই অভিযোগগুলি স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *