পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: রথযাত্রার পূর্ণতিথিতে প্রথা মেনে মা দুর্গার মূর্তি নির্মাণের শুভ সূচনা হল মেদিনীপুর শহরের সুজাগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে। বৃহস্পতিবার পাটা পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি।
মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক সংলগ্ন মহাবীর ক্লাব পরিচালিত সুজাগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো এবার ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও রথযাত্রার শুভক্ষণে পাটা পুজোর মাধ্যমে প্রতিমা নির্মাণের কাজের সূচনা করা হয়।
উদ্যোক্তাদের বক্তব্য, পাটা পুজো শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এর মাধ্যমেই তাঁদের দুর্গোৎসবের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী কয়েক মাস ধরে প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা এবং বিভিন্ন আয়োজনের কাজ ধাপে ধাপে এগিয়ে চলবে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের দুর্গোৎসবেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক উদ্যোগ। ইতিমধ্যেই পুজোর পরিকল্পনা এবং প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে।
রথযাত্রার দিন পাটা পুজোকে ঘিরে কমিটির সদস্য, শিল্পী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। সকলের উপস্থিতিতে সম্পন্ন হয় এই শুভ সূচনা।
রথযাত্রার পূর্ণতিথিতে সুজাগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পাটা পুজো, শুরু মা দুর্গার মূর্তি নির্মাণ।












Leave a Reply