চন্দ্রকোনারোডে বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথদেবের রথযাত্রা, ভক্তদের ঢল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ও পার্শ্ববর্তী নামহট্ট ভক্তবৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার জগন্নাথদেবের রথযাত্রা উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়। ভক্তদের উচ্ছ্বাস ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে গোটা চন্দ্রকোনারোড শহর।
এদিন বিকেলে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেড়িয়া এলাকা থেকে রথযাত্রা শুরু হয়। সেখান থেকে সুসজ্জিত রথটি শহরের বিভিন্ন প্রধান রাস্তা পরিক্রমা করে শেষ পর্যন্ত বারোয়ারীতলায় অবস্থিত জগন্নাথদেবের মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করে।
রথযাত্রার শোভাযাত্রায় কয়েকশো ভক্ত অংশগ্রহণ করেন। ভক্তিমূলক কীর্তন, হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ—সকলেই ভক্তিভরে রথের সঙ্গে পা মেলান।
উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *