ভেঙে পড়েছে বাঁশের সাঁকো, নৌকাই এখন ভরসা— চরম দুর্ভোগে গড়বেতার হাজারো মানুষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-১ ব্লকের শিলাবতী নদীর উপর লোখাটাপোলে অস্থায়ীভাবে নির্মিত বাঁশের সাঁকো কয়েক মাস আগে অতিভারী বৃষ্টিপাতের জেরে ভেঙে পড়ে। এরপর থেকেই চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা।
সোমবার বিকেলে সরেজমিনে সেই চিত্রই দেখা যায়,জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় মোটরবাইক-সহ বিভিন্ন যানবাহন পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এভাবেই নদী পার হতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। স্থানীয়দের দাবি, লোখাটাপোলের এই সাঁকো তিনটি অঞ্চলের কয়েক হাজার বাসিন্দার পাশাপাশি অসংখ্য ছাত্র-ছাত্রীর নিত্যদিনের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। সাঁকো ভেঙে যাওয়ায় স্কুল-কলেজগামী পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ গ্রামবাসীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও এখনও স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ চোখে পড়েনি। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে নতুন সেতু নির্মাণ বা অন্তত অস্থায়ী নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের আশা, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা আবারও চালু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *