পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রসকুণ্ড মোড় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিবানী ঘোষ (প্রায় ৫৫)। আহত স্বামীর নাম অনাথ রঞ্জন ঘোষ। তাঁদের বাড়ি গড়বেতার রাধানগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী বাইকে করে ময়রাকাটা হয়ে রসকুণ্ড শিবমন্দিরে জল ঢালতে যাচ্ছিলেন। রসকুণ্ড মোড়ে পৌঁছতেই একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিবানী ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, অনাথ রঞ্জন ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই গড়বেতা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি অজ্ঞাত গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
শ্রাবণের পুণ্যযাত্রা রক্তাক্ত, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু স্ত্রীর, লড়ছেন স্বামী।












Leave a Reply