ঘুমের মধ্যেই গলা থেকে সোনার মালা ছিঁড়ে চম্পট, নিমতিতায় চোরের দৌরাত্ম্যে আতঙ্ক।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-নিমতিতার দুর্গাপুর গ্রামে
চোরের দৌরাত্ম্যে ফের আতঙ্ক! গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক মহিলার গলা থেকে সোনার মালা ছিঁড়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের দুর্গাপুর গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন দুর্গাপুর গ্রামের বাসিন্দা রেহেনা বিবি। ঘড়িতে তখন আনুমানিক রাত ২টা ৫০ মিনিট। বাড়ির সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় বাড়িতে ঢুকে পড়ে এক চোর। ঘুমন্ত অবস্থায় থাকা রেহেনা বিবির গলা থেকে আচমকাই সোনার চেইন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতী।

হঠাৎ গলায় টান অনুভব করলেও কিছু বুঝে ওঠার আগেই সোনার মালাটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় চোর। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

অভিযোগকারী রেহেনা বিবির দাবি, চোরের মুখ তিনি দেখতে পাননি। তবে মালা ছিঁড়ে নেওয়ার সময় তার হাত দেখতে পেয়েছিলেন। অন্ধকারের সুযোগ নিয়েই ওই দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার পর বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়দের দাবি, গভীর রাতে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করুক—এমনই দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

এখন দেখার বিষয়, রেহেনা বিবির গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে পালানো ওই চোরকে পুলিশ কত দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *