পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতি ভারী বৃষ্টির পর শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধির জেরে হুমগড় থেকে জোগাড়ডাঙ্গা এলাকার সংযোগকারী কজওয়েতে দেখা দিয়েছে ফাটল। ঘটনাকে কেন্দ্র করে সতর্ক প্রশাসন। মঙ্গলবার বিকেলে কজওয়ের উপর ফাটলের চিত্র সামনে আসে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড় ও জোগাড়ডাঙ্গা এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই কজওয়ে। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীতে জলস্তর বেড়ে যায়। জলের প্রবল চাপেই কজওয়েতে এই ফাটল তৈরি হয়েছে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের তরফে কজওয়ের কাছে সতর্কতামূলক পোস্টার লাগানো হয়েছে। সেখানে সাইকেল ও মোটরসাইকেল ছাড়া ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। সাধারণ মানুষকে সতর্কভাবে যাতায়াত করারও আবেদন করা হয়েছে। তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞার ফলে যানবাহন চলাচলে সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে নানা সমস্যা। কজওয়ের পরিস্থিতি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শিলাবতীর জলস্তর বৃদ্ধির জেরে কজওয়েতে ফাটল, সতর্ক প্রশাসন।












Leave a Reply