রানীসরাইয়ে খুনের রহস্যভেদ, পুলিশের জালে এক; আরও একজনের খোঁজে তল্লাশি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাত্র ১২ ঘণ্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বেলদা থানার রানীসরাই এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে মোট দু’জন জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি জানান, দেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলদা থানার রানীসরাই এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং শুরু হয় তদন্ত।
জেলা পুলিশ সুপারের দাবি, মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করা সম্ভব হয়েছে। এই খুনের ঘটনায় আরও একজন জড়িত রয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তাকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনার নেপথ্যে কী কারণ ছিল এবং কীভাবে খুনের ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *