মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে সোমবার গভীর রাতে মালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস শিবিরের প্রায় তিনজন সদস্যকে আটক করল মালদা জেলা পুলিশ। যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের অভিযোগ, মালদহ জেলা পরিষদ গঠনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পুলিশের সহযোগিতায় তাদের তিনজন সদস্যকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদের আটক করা হয়েছে। বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, মানুষ এর জবাব দেবে। উল্লেখ্য মালদা জেলা পরিষদের আসন সংখ্যা ৪৩ টি। যার মধ্যে তৃণমূলেরই বিক্ষিপ্ত ১৯ জন সদস্য, কংগ্রেসের পাঁচজন সদস্যের সমর্থনে জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। ঝাড়খণ্ডের একটি এলাকায় প্রায় এক মাস ধরে শিবিরে ছিলেন তারা। মঙ্গলবার মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনের দিন। তাই সোমবার রাতে তারা ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে মালদায় ফিরছিলেন।কিন্তু মালদা টাউন স্টেশনে নামতেই তাদের মধ্য থেকে তিনজন সদস্যকে আটক করে পুলিশ বলে অভিযোগ। তাই এই ঘটনায় জেলা কংগ্রেস নেতৃত্ব রাজ্যের পুলিশ প্রশাসন সহ রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন।
জেলা পরিষদ নির্বাচন ঘিরে ফের টানাপোড়েন, তিন সদস্যকে ‘মিথ্যে মামলায় ফাঁসানোর’ অভিযোগ কংগ্রেসের।












Leave a Reply