মালদা, নিজস্ব সংবাদদাতা:—-এবারের দুর্গাপুজোয় শিশুদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে হবিবপুর ব্লকের আইহো নামোটোলার উত্তর আইহো সর্ববজয়ী ক্লাবের দুর্গাপুজো। এবার পুজোর থিম ‘ডিজনিল্যান্ড’। সেই থিমকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে মণ্ডপসজ্জা ও প্রতিমা তৈরির কাজ।
আইহোর নামোটলা প্রাঙ্গণে এ বছর ডিজনিল্যান্ডের আদলে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘কল্পতরু’ রূপে দেবী দুর্গার প্রতিমাও তৈরি করা হচ্ছে। উদ্যোক্তাদের আশা, মণ্ডপসজ্জার অভিনবত্বের পাশাপাশি প্রতিমার বিশেষ রূপও দর্শনার্থীদের নজর কাড়বে।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোর বাজেট প্রায় ৪ লক্ষ টাকা। মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা নির্মাণ—সমস্ত কাজেই যুক্ত রয়েছেন স্থানীয় ডেকোরেটর ও মৃৎশিল্পীরা। তাঁদের হাতের শিল্পকর্মের মাধ্যমে পুজো মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে।
উদ্যোক্তাদের দাবি, একদিকে স্থানীয় শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা, অন্যদিকে পুজোয় আগত দর্শনার্থীদের বিশেষ করে শিশুদের জন্য নতুনত্বের স্বাদ দিতেই ‘ডিজনিল্যান্ড’ থিমের ভাবনা। পুজোর দিনগুলিতে এই অভিনব মণ্ডপ দেখতে আইহো নামোটলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলেই আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ, ‘কল্পতরু’ রূপে দেবী দুর্গা—আইহোয় জমজমাট পুজোর প্রস্তুতি।












Leave a Reply