পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পোষ্য গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে কুবাই নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে বাড়ির পোষ্য গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় কোনও কারণে তিনি নদীতে নামেন এবং তলিয়ে যান বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালানো হলেও তাঁর সন্ধান মেলেনি।
এরপর খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। রবিবার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছনোর পর নতুন করে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ সরঞ্জামও।
নদীতে তলিয়ে যাওয়া ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি চলতে থাকায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান মেলে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।












Leave a Reply