গড়বেতা থানায় চেক বিতরণ কর্মসূচি, ১২০টি পুজো কমিটিকে এক লক্ষ টাকা করে সহায়তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোর প্রস্তুতিতে পুজো কমিটিগুলির পাশে রাজ্য সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী, সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকার ১২০টি পুজো কমিটির হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হল। গড়বেতা থানায় আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী, এদিন গড়বেতা থানা এলাকার ১২০টি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা, শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সিংহ-সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।
পুজোর আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে এই আর্থিক সহায়তা পুজো কমিটিগুলির কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। সরকারি এই অনুদানকে ঘিরে ইতিমধ্যেই পুজো কমিটিগুলির মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *