উৎসবের আনন্দের মাঝেই রক্তদানের বার্তা, শুকনাতোড়ে ২৩ মহিলা-সহ রক্ত দিলেন ৭৩ জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করল শুকনাতোড় যুব সংঘ ক্লাব। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন শুকনাতোড় এলাকায় ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের।
এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এলাকার বহু মানুষ। শিবিরে ২৩ জন মহিলা-সহ মোট ৭৩ জন রক্তদাতা রক্তদান করেন। উৎসবের আনন্দের মাঝেও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এবং রক্তের সংকট মোকাবিলায় ক্লাবের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা।
এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে, ক্লাবের সভাপতি গোলাপ হোসেন পাঠান, নিশার আলী পাঠান, সম্পাদক মনিরুল পাঠান, কোষাধ্যক্ষ ইস্তাজুল পাঠান, নাসিবুল পাঠান-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল পাঠান। ক্লাব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও সমাজের স্বার্থে বিভিন্ন জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
উৎসবের মরশুমে রক্তের চাহিদা মেটাতে শুকনাতোড় যুব সংঘের এই উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *