কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের পার্টি অফিসের পাশে হিন্দু ধর্মগুরুদের উপস্থিতিতে আয়োজিত হল চণ্ডীপাঠের অনুষ্ঠান। আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বাংলার সনাতন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং আত্মমর্যাদার প্রকাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলার সংস্কৃতি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়। সনাতন ধর্ম, ভারতীয় সভ্যতা ও আধ্যাত্মিক ঐতিহ্য রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে—এমনই বক্তব্য উঠে আসে তাঁদের আলোচনায়।
এদিনের অনুষ্ঠানে বামপন্থী রাজনীতির সমালোচনাও করেন কয়েকজন বক্তা। তাঁদের মধ্যে কেউ কেউ বামপন্থীদের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী অবস্থানের অভিযোগ তোলেন। বক্তাদের বক্তব্য, বাংলার মাটিতে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুর শ্রীশ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী, তন্ত্র দেবানন্দ মহারাজ, খনা মা, সত্যজিৎ দাস, সায়ন্তন বসু-সহ অন্যান্যরা।
আলিমুদ্দিন স্ট্রিটের মতো রাজনৈতিকভাবে পরিচিত এলাকায় এই চণ্ডীপাঠের আয়োজনকে কেন্দ্র করে ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে বক্তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন।












Leave a Reply