ঢেকি, গরুর গাড়ি থেকে পুরনো রেডিও—হারানো অতীতের স্মৃতিতে সাজল হুমগড়ের দুর্গামণ্ডপ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রামবাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র, ব্যবহার্য সামগ্রী ও খেলাধুলা। আধুনিকতার ভিড়ে সেই হারিয়ে যাওয়া অতীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এবার অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের হুমগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির। এবছর তাদের পুজোর থিম—‘নিরুদ্দেশের খোঁজে এক অন্তহীন গল্প’।
কোথাও হারিয়ে যাওয়া রেডিও, কোথাও ঢেকির ব্যবহার, আবার কোথাও একসময়ের গ্রামবাংলার অন্যতম বাহন গরুর গাড়ি—এমনই নানা স্মৃতিবিজড়িত উপকরণের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে পুজোমণ্ডপ। মূলত সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা বিভিন্ন জিনিসপত্র ও পুরনো দিনের জীবনযাত্রাকে দর্শনার্থীদের সামনে তুলে ধরাই এই থিমের মূল আকর্ষণ। অন্যদিকে, প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। ঐতিহ্যবাহী প্রতিমা ও অভিনব থিমের মেলবন্ধনে দর্শনার্থীদের মন জয় করছে হুমগড়ের এই পুজো। এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করেছে হুমগড় সার্বজনীন দুর্গোৎসব। তবে জঙ্গলমহলজুড়ে হাতির আতঙ্ক অব্যাহত থাকলেও সেই আতঙ্ককে দূরে সরিয়ে পঞ্চমী থেকেই পুজোমণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। পুজোর দিনগুলিতে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কর্মসূচি। সব মিলিয়ে, হারিয়ে যাওয়া অতীতকে ফিরে দেখার বার্তা নিয়ে ঐতিহ্য, স্মৃতি ও শারদোৎসবের আনন্দে জমজমাট হুমগড় সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ। আধুনিকতার দাপটে হারিয়ে যাওয়া অতীতকে নতুন করে চেনার এই উদ্যোগই এবছর হুমগড়ের দুর্গাপুজোর অন্যতম বিশেষ আকর্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *