সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পুলিশ মহলে, মৃতের পরিবারের পাশে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রসকুণ্ড মোড় এলাকায় পথ দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ পাত্র। তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তিনি হোমগার্ড দপ্তরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের কুরকুটবান্দি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা টাউন থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বিশ্বজিৎ পাত্র। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর রাতে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

মৃত পুলিশকর্মীর পরিবারের সদস্যদের সমবেদনা জানান পুলিশ সুপার। পাশাপাশি, এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সহযোগিতার হাতও বাড়িয়ে দেন তিনি।

এক সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলেও। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিল জেলা পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *