লক্ষ্মীপুজোর বাজারে উপচে পড়া ভিড়, রেডিমেড নাড়ু-মুড়কি ও স্টিকার আলপনার চাহিদা তুঙ্গে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-কোজাগরী লক্ষ্মীপুজোকে ঘিরে উৎসবের আমেজ সর্বত্র! আর সেই উৎসবের প্রস্তুতিতে বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। একদিকে ফলমূল, ধানের ছড়া ও পুজোর অন্যান্য উপকরণ কেনার ব্যস্ততা, অন্যদিকে দেদার বিক্রি হচ্ছে রেডিমেড নাড়ু, মুড়কি এবং নানা ধরনের স্টিকার আলপনা। সময়ের সঙ্গে বদলাচ্ছে পুজোর প্রস্তুতির ধরন, আর সেই পরিবর্তনেরই ছবি ধরা পড়ছে বাজারে।কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে রবিবার দেবী আরাধনার প্রস্তুতি তুঙ্গে। তার আগেই শনিবার সকাল থেকে বিভিন্ন বাজারে লক্ষ্মীপুজোর সামগ্রী কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। পুজোর উপকরণ থেকে শুরু করে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়কি—সবকিছুই কিনে বাড়ি ফেরার তাড়া ক্রেতাদের মধ্যে। লক্ষ্মীপুজো মানেই বাড়ির মেঝে, উঠোন কিংবা প্রবেশপথে সুন্দর করে আলপনা দেওয়ার চিরাচরিত রীতি। সাদা খড়িমাটি কিংবা বিভিন্ন রঙের সাহায্যে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয় নানা নকশা। আর বাড়ির প্রবেশপথে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকার মধ্য দিয়েই যেন স্বাগত জানানো হয় দেবী লক্ষ্মীকে।
একসময় বাড়ির মা-কাকিমা, দিদি-বোনদের পাশাপাশি পুরুষেরাও আলপনা আঁকা থেকে শুরু করে নাড়ু তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়তেন। বাড়িতেই তৈরি হতো নারকেলের নাড়ু, তিলের নাড়ু আর মুড়কি। কিন্তু বর্তমান সময়ে কর্মব্যস্ত জীবনে অনেকেরই হাতে নেই সেই অবসর। তাই ঐতিহ্য বজায় রেখেই সহজ উপায়ের দিকে ঝুঁকছেন বহু মানুষ।
বাজারে এখন সহজেই মিলছে বিভিন্ন নকশার স্টিকার আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ এবং প্যাকেটজাত রেডিমেড নাড়ু ও মুড়কি। ফলে অল্প সময়েই সেরে ফেলা যাচ্ছে পুজোর প্রস্তুতি। আর এই চাহিদাকে ঘিরেই লক্ষ্মীপুজোর বাজারে বেড়েছে বিকিকিনি।
সব মিলিয়ে, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে জমে উঠেছে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার। ঘরে ঘরে দেবী আরাধনার প্রস্তুতি, আর বাজারজুড়ে উৎসবের ব্যস্ততা—লক্ষ্মীপুজোর আগে এমনই ছবি ধরা পড়ছে বিভিন্ন প্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *