পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ট্রেনে সফর করতে গিয়ে সঙ্গে বিপুল পরিমাণ নগদ টাকা! আর সেই টাকা নিয়েই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনে পুলিশের জালে এক যুবক। উদ্ধার হয়েছে নগদ ১ কোটি ৪০ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেল স্টেশনে।
জানা গিয়েছে, টাটা থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস বুধবার খড়্গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সেই সময় ট্রেন থেকে নামেন হাওড়ার বাসিন্দা রাহুল সোনি নামে এক যুবক। গোপন সূত্রে আগে থেকেই খবর পেয়েছিল খড়্গপুর জিআরপি। সেই সূত্র ধরেই স্টেশনে সতর্ক নজরদারি চালাচ্ছিলেন রেল পুলিশের আধিকারিকরা।
যুবক প্ল্যাটফর্মে নামতেই তাঁকে আটক করে জিআরপি। এরপর তাঁর কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল পরিমাণ নগদ টাকা। গণনা করে দেখা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা।
এরপরই গ্রেফতার করা হয় রাহুল সোনিকে। বর্তমানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
কিন্তু এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে এল? কী উদ্দেশ্যে এই টাকা নিয়ে টাটা থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন ওই যুবক? এর পিছনে কি কোনও বড় আর্থিক লেনদেনের যোগ রয়েছে, নাকি অন্য কোনও রহস্য? উঠছে একাধিক প্রশ্ন।
ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে খড়্গপুর জিআরপি। টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সব মিলিয়ে, খড়্গপুর স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রীর কাছ থেকে এক কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় এখন নজর তদন্তের দিকে।