নিমতা, নিজস্ব সংবাদদাতা: কর্মক্ষেত্রের দায়িত্বের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও অবদানের স্বীকৃতি পেলেন কিরণ বিশ্বাস। নিউ কোয়ার্টার ফুটবল গ্রাউন্ড এবং নিমতা মণি সংঘের মাঠে দক্ষিণ নিমতা ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। কিরণ বিশ্বাস এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়নের আঞ্চলিক সম্পাদক এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (NSCBI) সিনিয়র সুপারিনটেনডেন্ট অপারেশনস পদে কর্মরত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএইইউ-এর সিনিয়র সুপারিনটেনডেন্ট অভিজিৎ বড়ুয়া, প্রাক্তন এএআই কর্মচারী নিশিত প্রামাণিক, নিশিত দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দক্ষিণ নিমতা ফুটবল কোচিং সেন্টারে বর্তমানে ছেলে ও মেয়ে মিলিয়ে অনূর্ধ্ব-২০ বয়সের প্রায় ১২০ জন শিক্ষার্থী ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন অভিজিৎ বড়ুয়া, অমিতাভ দাস, প্রদীপ রায়, পবিত্র সেনগুপ্ত এবং দিলীপ দাস। কোচিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষকরা সকলেই লাইসেন্সপ্রাপ্ত।
এই প্রশিক্ষণ কেন্দ্রের একাধিক খেলোয়াড় বিভিন্ন বয়সভিত্তিক আইএফএ নার্সারি লিগ, কলকাতা লিগ এবং অন্যান্য ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার পরিচয় দিচ্ছে।
কিরণ বিশ্বাসকে সংবর্ধনা জানানোর মধ্য দিয়ে ফুটবলের প্রসার ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার বার্তাও তুলে ধরেছে দক্ষিণ নিমতা ফুটবল কোচিং সেন্টার। তাঁর কর্মজীবনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রের সঙ্গে এই সংযোগের কথা উল্লেখ করে আয়োজকদের বক্তব্য, কিরণের বিকিরণ শুধু এনএসসিবিআই বিমানবন্দরেই সীমাবদ্ধ নয়, ফুটবলের মাঠেও তার প্রকাশ ঘটছে।