পরনে গেরুয়া‌ পোশাক,খালি পা ও একটি পুরনো সাইকেল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে ভোট প্রচার করে চলেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-সঙ্গে নেই কোন নেতা,কর্মী।পুরনো একটা সাইকেলই ভরসা।দেশে শান্তি ফেরাতে সাইকেল নিয়ে একাই ভোট প্রচার করে চলেছে বয়স ষাটের বৃদ্ধ তথা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ পাল।পরনে গেরুয়া‌ পোশাক,খালি পা ও একটি পুরনো সাইকেল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে ভোট প্রচার করে চলেছেন তিনি।দেশে শান্তি ফেরাতে উত্তর মালদহের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদী।এমনকি এই সাইকেল নিয়েই তিনি একদিন পার্লামেন্ট ভবনে পৌঁছাবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস।নরেশের বাড়ি মালদহের মঙ্গলবাড়ীর বাচামারি এলাকায়।শনিবার চাঁচল ও হরিশ্চন্দ্রপুর এলাকায় তাকে ভোট প্রচার করতে দেখা যায়।নরেশ বলেন,’দেশের মধ্যে দিনের পর দিন হিংসা,মারামারি,খুনোখুনি ও নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে।তা দেখে আমি বাড়িতে চুপ করে বসে থাকতে পারিনি।জনগণই পারে হিংসা বন্ধ করতে।তাই আমি জনগণের কাছে পৌঁছানোর জন্যই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছি।সকাল হতেই সাইকেল নিয়ে বেড়িয়ে পড়ি।জনগণের কাছে পৌঁছে অনুরোধ করি আমাকে বেলুন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার।’
হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা মহম্মদ নুরুদ্দিন বলেন,’এই গরমের দিনেও খালি পায়ে সাইকেল চালিয়ে,কখনো বা হেঁটে তিনি একাই ভোট প্রচার করে চলেছে।তাই দেখে অবাক এলাকার সাধারণ মানুষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *