পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে অলচিকি লিপি এবং সাঁওতালি সংস্কৃতির অগ্রদূতের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বুগড়ী দিশম মাঃ মড়ে কমিটি। সাঁওতালি ভাষার এই বিশিষ্ট সাহিত্যিক, নাট্যকার ও ভাষাতত্ত্ববিদ ১৯০৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তাঁর অনন্য অবদান ‘অলচিকি’ লিপি, যা তিনি ১৯২৫ সালে কেবল ২০ বছর বয়সেই উদ্ভাবন করেন, আজ সাঁওতাল জাতির সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়ের গর্বিত প্রতীক।
এই ঐতিহাসিক দিনে, বুগড়ী দিশম মাঃ মড়ে কমিটির পক্ষ থেকে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কমিটির আহ্বায়ক শিবুলাল মুর্ম্মূ বলেন, “পণ্ডিত রঘুনাথ মুর্মু কেবল একজন লিপি উদ্ভাবক নন, তিনি ছিলেন এক সংগ্রামী চিন্তাবিদ। তাঁর শিক্ষা ও আদর্শ আজও আমাদের সাংস্কৃতিক চেতনায় প্রেরণা জোগায়।”
পণ্ডিত মুর্মুর সাহিত্যকর্ম, বিশেষ করে নাটক ‘Bidu Chandan’ ও ‘Kherwal Bir’, আজও সমাজে সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্বাস করতেন, মাতৃভাষায় শিক্ষা ও সাহিত্যচর্চা জাতির আত্মমর্যাদা গঠনে সহায়ক।
কমিটির পক্ষ থেকে অলচিকি লিপির শতবর্ষপূর্তিকে সামনে রেখে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষাভিত্তিক কর্মসূচির পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পণ্ডিত মুর্মুর প্রতি এই শ্রদ্ধার্ঘ্য কেবল তাঁর ব্যক্তিগত কৃতিত্বকে নয়, বরং গোটা আদিবাসী সমাজের সাংস্কৃতিক আত্মনির্ভরতার ইতিহাসকে সম্মান জানায়।
অলচিকি লিপির শতবর্ষে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী উপলক্ষে চন্দ্রকোনারোড বুগড়ী দিশম মাঃ মড়ে কমিটির শ্রদ্ধাঞ্জলি।












Leave a Reply