বিজেপি সরকারের ১০০ দিন উদযাপন, কেশপুরের বিরোহিম্বারে কর্মীসভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর অঞ্চলের বিরোহিম্বার এলাকায় কর্মীসভার আয়োজন করল বিজেপি। কেশপুর বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় উপস্থিত ছিলেন কেশপুর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক পলাশ হাজরা, মণ্ডল কমিটির কার্যকর্তা রবিন কোলে, কৃষাণ মোর্চার সভাপতি সুশান্ত বিশ্বাস, সঞ্জয় সামন্ত, সাংগঠনিক জেলা আইনি সেলের স্বপন পাল-সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।
সভায় মূলত আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দলীয় কর্মীদের উদ্দেশে বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার বার্তা দেওয়া হয়।
পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সেদিকেও দলীয় কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কেশপুরে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই কর্মীসভা বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *