গঙ্গারামপুরে খেলা দেখতে আসার পথে প্রাণ গেল দুই যুবকের।

বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা :- রবিবার সন্ধ্যায় বংশীহারী থানার জামবাগান এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি সরকারি বাস ও যাত্রীবোঝাই বোলেরো। সংঘর্ষের ধাক্কায় পাশে থাকা একটি পিকআপ ভ্যানও ছিটকে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার মাধাইপুরের ১১ জন বাসিন্দা একটি বোলেরোতে চেপে গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়া এলাকায় ফুটবল খেলা দেখতে আসছিলেন। অপরদিকে মালদাগামী সরকারি বাসের সঙ্গে তাদের বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বোলেরোটি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে বাসটিও।

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে দু’জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে দুইজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *