স্বপ্নাদেশে শুরু নজরপুরের দুর্গাপূজা, ১৫ বছর ধরে চলছে আধ্যাত্মিক ঐতিহ্য।

 

নিজস্ব সংবাদদাতা, মালদা: – পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে দুর্গাপূজা ঘিরে রয়েছে এক অনন্য গল্প। প্রায় ১৫ বছর আগে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার সূত্র ধরেই শুরু হয়েছিল এই পূজা।

গ্রামবাসীদের কথায়, সেসময় নজরপুরের ছোট্ট বালক মিঠুন শীল নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ কুড়িয়ে পায় একটি ত্রিশূল। ত্রিশূলটি বাড়িতে নিয়ে আসার কিছুদিন পরই মিঠুন স্বপ্নাদেশ পায় মা দুর্গার পূজা শুরু করার জন্য।

মিঠুনের মা আশা শীল জানিয়েছেন,

> “স্বপ্নে দেবী পূজা করার নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশ মেনেই পরিবারের উদ্যোগে শুরু হয় দুর্গাপূজা।”

 

তারপর থেকে প্রতিবছর নিয়ম মেনে ধুমধাম করে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। পরিবারের কাছে এখনো সেই ত্রিশূলটি সংরক্ষিত রয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস, দেবীর আশীর্বাদেই এই পূজা এত বছর ধরে কোনো বাধা ছাড়াই চলছে।

দুর্গাপূজার সময় নজরপুর গ্রামে ভক্তদের ভিড় উপচে পড়ে। সৃষ্টি হয় এক ভক্তিময় পরিবেশ। গ্রামের প্রবীণরা বলেন,

> “এটা অলৌকিক ঘটনা। স্বপ্নের আদেশেই শুরু হয়েছিল পূজা, আর আজ এই পূজা গ্রামে আধ্যাত্মিকতার প্রতীক।”

 

নজরপুরের এই দুর্গাপূজা এখন শুধু একটি পূজা নয়, বরং স্থানীয়দের কাছে এটি হয়ে উঠেছে আস্থা ও ঐতিহ্যের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *