শিল্প-সংস্কৃতির আবহে বসন্ত উদ্‌যাপন, স্বরবিতান ডান্স অ্যান্ড মিউজিক স্কুলের উদ্যোগ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায় স্বরবিতান ডান্স অ্যান্ড মিউজিক স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বসন্ত উৎসব উদ্‌যাপন করা হলো আনন্দঘন পরিবেশে।
স্কুলের কর্ণধার সায়ন্তী রায় নন্দীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বসন্তের রঙে সেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর শোভাযাত্রা এলাকার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। শোভাযাত্রায় আবৃত্তি, সংগীত ও নৃত্যের ছন্দময় উপস্থাপনা পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমসি ব্লক সভাপতি সুদর্শন মণ্ডল এবং পঞ্চায়েত সভাপতি দীনবন্ধু দে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবীপ্রসাদ পাঞ্জা, এএসআই সঞ্জয় পণ্ডা, চিত্রশিল্পী অনির্বাণ পাল, শিক্ষক ও সমাজসেবী রাজর্ষি দে, নৃত্যশিল্পী উত্তম মাহাতো, শ্রীখোলবাদক তরুণ কুন্ডু, সংগীতশিল্পী পূজা মালিক সহ অন্যান্য শিল্পীবৃন্দ।
শোভাযাত্রার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে শ্রীখোলের সুমধুর বাদন ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করে।
আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে। বসন্তের এই উৎসব এলাকাবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *