আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলায় শক্তিপ্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা একযোগে মনোনয়নপত্র জমা দেন।
এদিন সকালে আলিপুরদুয়ার দুর্গাবাড়ি মন্দিরে পুজো দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর ব্যান্ডপার্টি, ঢাক ও বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বক্সা ফিডার রোড ধরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। তিনি দাবি করেন, “জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।”
মনোনয়ন ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, এই শক্তিপ্রদর্শন নির্বাচনের আগে তৃণমূল শিবিরকে আরও চাঙ্গা করবে।
আলিপুরদুয়ারে তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রা, ৫ প্রার্থীর মনোনয়ন জমা।












Leave a Reply