মালদা, নিজস্ব সংবাদদাতা:— চাঁচল বিধানসভা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। বরুই অঞ্চলে গ্রামীণ রাস্তায় টহলদারির সময় সন্দেহভাজন এক যুবকের মোটরবাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা।
ধৃত যুবকের নাম বিপ্লব দাস, যিনি চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বলে জানা গেছে। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এলাকায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ চলছিল এবং সেই সময় এই টাকা বিতরণের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ। অভিযুক্তের মোটরবাইক থেকে উদ্ধার হয়েছে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ সংক্রান্ত বই, প্রার্থীর ব্যালট প্রতীক সংবলিত কাগজ-সহ একাধিক নথি।
অন্যদিকে, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।
পুলিশ জানিয়েছে, ঘটনার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত যুবককে আজ মালদার চাচোল আদালতে পেশ করেছে পুলিশ।
চাঁচলে কেন্দ্রীয় বাহিনী-পুলিশের অভিযানে নগদসহ ধৃত বিজেপি প্রার্থীর ভাই।












Leave a Reply