মালদা, নিজস্ব সংবাদদাতা:– মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গাজোল। আশানুরূপ ফল না হওয়ায় অভিমানে আত্মঘাতী হল এক স্কুল পড়ুয়া ছাত্রী। মৃত ছাত্রীর নাম সায়ন্তিকা সরকার (১৬)। তার বাড়ি গাজোলের বামনগোলা মোড় এলাকায়। বাবার নাম কৃষ্ণ কুমার সরকার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সায়ন্তিকা। পরিবারের সদস্যরা তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেও পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন সন্দেহ হলে ঘরের দরজা খুলে দেখে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই স্কুল ছাত্রী।
তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকাজুড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, পরীক্ষার ফল নিয়ে অতিরিক্ত মানসিক চাপ বর্তমানে পড়ুয়াদের মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে গাজোলের বামনগোলা মোড় এলাকায়।
মালদায় পরীক্ষার ফল ঘিরে শোকের ছায়া, মানসিক চাপে প্রাণ হারাল মাধ্যমিক পরীক্ষার্থী।












Leave a Reply