ধান বোঝাই নৌকা ডুবল মালদায়, তল্লাশিতে সিভিল ডিফেন্স।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— জমির ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদী পেরোতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। নদীতে তলিয়ে গেল দুই শ্রমিক। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও সোরগোল তৈরি হল পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায়। জানা গেছে, মুচিয়া এলাকায় টাঙ্গন নদীর অপর প্রান্তে রয়েছে প্রচুর পরিমাণ ফসলি জমি। সেই জমিতে কৃষকরা ধান চাষ করেছিলেন। তাই বৃহস্পতিবার সাত সকালেই কৃষকরা শ্রমিক লাগিয়ে সেই ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদীর এপারে নিয়ে আসছিলেন। কিন্তু এপারে আসার পথে মারু টাঙ্গন নদীতে বড়সড় বিপত্তিচ ঘটে। হঠাৎ করেই নৌকা নদীতে ডুবে যায়। নৌকায় থাকা শ্রমিকদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠলেও, এখনও পর্যন্ত দুজন শ্রমিকের কোন হদিশ মেলেনি। তাই খোঁজে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে। তবে খবর লেখা পর্যন্ত ওই দুই শ্রমিকের কোন হদিশ মেলেনি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *