গড়বেতার কড়সায় রাজনৈতিক কার্যালয় থেকে উদ্ধার বিপুল সরকারি নথি, চাঞ্চল্য এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের কড়সা গ্রাম পঞ্চায়েত এলাকার ছোটতাড়া অঞ্চলে একটি রাজনৈতিক কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে ১০০ দিনের কাজের জব কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডের টোকেন এবং বিভিন্ন সালিশি সভার মীমাংসা সংক্রান্ত কাগজপত্র। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে ওই রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানো হলে আলমারি থেকে রাশি রাশি সরকারি নথি উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে উদ্ধার হওয়া নথিগুলি খতিয়ে দেখতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে সরকারি প্রকল্প নিয়ে একাধিক অনিয়ম চলছিল। ১০০ দিনের কাজ, শৌচালয় নির্মাণ, পাইপলাইন প্রকল্প-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগও ওঠে শাসকদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এছাড়াও বেআইনি সালিশি সভা চালিয়ে সাধারণ মানুষের উপর প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের দাবি, এই উদ্ধার হওয়া নথিগুলি বৃহত্তর দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদিও স্থানীয় পঞ্চায়েত নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং সত্য সামনে আসুক সেটাই তারা চান।
বর্তমানে উদ্ধার হওয়া সমস্ত নথি পরীক্ষা করে দেখছে পুলিশ। কীভাবে সরকারি নথি একটি রাজনৈতিক কার্যালয়ে এল, এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *