অবৈধ মদের কারবার বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি নুনবহির মহিলাদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদহের ইংলিশবাজার থানার নুনবহি এলাকায় প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার তাঁরা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মদ বিক্রি চলছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার পর পুলিশ রাতে এলাকায় এলেও আজ সকাল থেকেই ফের তিনজন স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে মদ বিক্রি শুরু করে।
স্থানীয় মহিলাদের বক্তব্য, অবৈধ মদ বিক্রির ফলে এলাকায় অসামাজিক কার্যকলাপ ক্রমশ বাড়ছে। বাড়ির কাছেই মদের আসর বসায় যুবক এবং কিশোরদের একাংশ নেশার দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে পারিবারিক ও সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।
মহিলারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, শুধুমাত্র মাঝে মাঝে অভিযান নয়, স্থায়ীভাবে অবৈধ মদ বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। দ্রুত পদক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বিক্ষোভ ঘিরে এলাকায় কিছু সময় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *