আধার নেওয়া হয়েছে, মেলেনি জল সংযোগ—ভোগান্তিতে বাংরুয়া নয়াটোলা গ্রামের মানুষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- গ্রামে পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে বহু আগেই। বাড়ি বাড়ি থেকে আধার কার্ডের জেরক্স কপিও সংগ্রহ করেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জল সরবরাহ। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামের একাংশ গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে গ্রামে পানীয় জলের জন্য পাইপলাইন বসানো হয়। সেই সময় শীঘ্রই বাড়ি বাড়ি জল সংযোগ চালুর আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এমনকি বাড়িতে ট্যাপকলও বসানো হয়নি। ফলে তীব্র গরমে জল সংকটে পড়েছেন গ্রামের মানুষ। বাধ্য হয়ে গ্রামের মানুষ অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন। বাসিন্দাদের অভিযোগ, ওই জল পান করার ফলে পেটের বিভিন্ন সমস্যা-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন অনেকে। একাধিকবার ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি গ্রামবাসীদের। এরই প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা ।বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পানীয় জল প্রকল্প চালু করে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *