মালদা, নিজস্ব সংবাদদাতা:– কচিকাঁচাদের উচ্ছ্বাসে মুখর আইহো,জগন্নাথ-সুভদ্রা-বলরামকে নিয়ে গ্রামজুড়ে রথযাত্রা
রথযাত্রার আনন্দে এবার মেতে উঠল কচিকাঁচারাও। জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে ছোট্ট রথে বসিয়ে গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করল শিশুরা। রথের দড়ি টানতে দেখা গেল ৮ থেকে ৮০—সব বয়সের মানুষকে। ধর্মীয় উৎসবের পাশাপাশি মিলনমেলায় পরিণত হয় এই রথযাত্রা।
এমনই মনোমুগ্ধকর দৃশ্য ধরা পড়ল মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো এলাকায়। ঢাক-ঢোলের তালে, “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ছোট্ট রথকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গ্রামের রাস্তা ধরে রথ টানতে টানতে আনন্দে মেতে ওঠে কচিকাঁচারা, আর তাদের সেই আনন্দে সামিল হন এলাকার প্রবীণ ও সাধারণ মানুষও।
স্থানীয়দের মতে, এই ধরনের আয়োজনের মাধ্যমে ছোটদের মধ্যে ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে আইহোর রথযাত্রা এদিন এক বিশেষ মাত্রা পায়।
কচিকাঁচাদের টানে গড়াল রথ, আইহোয় জগন্নাথ উৎসবে উচ্ছ্বাস।












Leave a Reply