ডিগ্রি সার্টিফিকেট নিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপচে পড়া ভিড়, এবার অনলাইন আবেদন বাধ্যতামূলক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার জন্য ফের শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভিড় মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পুলিশ। আগামীতে যেকোনও সার্টিফিকেটের জন্য অনলাইনে ছাত্র-ছাত্রীদের আবেদনের পরামর্শ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশীষ ভট্টাচার্যের। পুলিশকে পাশে নিয়ে প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বার্তা উপাচার্যের। একইসঙ্গে চাকরি ক্ষেত্রে আবশ্যক হলে উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস। উল্লেখ্য দীর্ঘ প্রায় নয় বছর ধরে সমাবর্তন হয়নি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এরফলে লক্ষাধিক পড়ুয়া পাননি নিজেদের ডিগ্রির সার্টিফিকেট। এই পরিস্থিতিতে একদিকে রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধে লাভ, অন্যদিকে চাকরির আবেদনের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরেই প্রাপ্ত ডিগ্রী সংক্রান্ত প্রভিশনাল সার্টিফিকেট নিতে ছাত্র-ছাত্রীদের ভিড় উপচে পড়ে। শুক্রবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিনও সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে ভিড় করেন উত্তরবঙ্গের তিন জেলার ২৫টি কলেজের প্রচুর প্রাক্তনী। প্রভিশনাল সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন জমা দিতে কার্যত হুড়োহুড়ি পড়ে। এই পরিস্থিতিতে শুক্রবার সমবেত প্রাক্তনীদের উদ্দেশ্যে বার্তা দেন গৌড়বঙ্গের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, ইতিমধ্যেই যে সমস্ত প্রাক্তনীরা সার্টিফিকেটের ফি-র টাকা জমা দেওয়ার জন্য চালান কেটেছেন, শুধুমাত্র তাঁদের আবেদনই অফলাইনে জমা নেওয়া হবে। নতুন করে অফলাইনে চালান কাটা বা আবেদন নেওয়া হবে না। এখন থেকে প্রভিশনাল সার্টিফিকেট এর জন্য শুধু অনলাইনেই আবেদন করতে হবে। তবে, সার্টিফিকেটের জন্য ছাত্রপিছু ৫০০ টাকার যে ফি নেওয়া হচ্ছে তাও অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি নয় বলে এদিন দাবি কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *