ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, এলআইসি মোড়ে উচ্ছেদে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে। রবিবার শহরের এলআইসি মোড় এলাকায় ফুটপাত দখল করে থাকা একাধিক দোকানে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় দশ দিন আগেই সংশ্লিষ্ট দোকানদারদের নোটিশ দিয়ে স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর কয়েকজন দোকানদার দোকান সরিয়ে নিলেও অনেকেই নির্দেশ মানেননি। ফলে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রশাসন বুলডোজার দিয়ে ওই দোকানগুলি ভেঙে দেয়। একইসঙ্গে এলআইসি মোড় এলাকার একটি টোটো ইউনিয়নের কার্যালয়ও উচ্ছেদ করা হয়। রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর বিভিন্ন জেলায় ফুটপাত দখল, অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদ অভিযান জোরদার হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও এই অভিযান চলছে। এর আগে মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। প্রশাসনের দাবি, ফুটপাত দখল করে দোকান বসার ফলে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে এবং শহরের যানজট আরও বাড়ছে। তাই জনস্বার্থে ধারাবাহিকভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। অন্যদিকে, উচ্ছেদ হওয়া দোকানদারদের অভিযোগ, কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রশাসন তাদের জীবিকা কেড়ে নিয়েছে। তাঁদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া এই উচ্ছেদ অত্যন্ত অমানবিক এবং এর ফলে বহু পরিবার জীবিকার সংকটে পড়বে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *