পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-বনদপ্তরের বারবার সচেতনতা প্রচার সত্ত্বেও ফের হাতিকে উত্যক্ত করার অভিযোগে সরগরম জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের বাঘালিয়া এলাকায় এক যুবকের হাতিকে উত্যক্ত করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নেটমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন পশুপ্রেমীরা। জানা গিয়েছে, রবিবার নয়াবসত রেঞ্জের বাঘালিয়া এলাকায় দুটি দলছুট হাতি রাতভর তাণ্ডব চালানোর পর সকালে জঙ্গলে ফিরে যায়। সেই সময়ই এক যুবক হাতির খুব কাছে গিয়ে তাকে উত্যক্ত করছেন বলে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হাতির তাণ্ডবে এলাকার বেশ কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে ক্ষয়ক্ষতির পাশাপাশি গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে বনদপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বনকর্মীরা বারবার আবেদন করেছেন, বুনো হাতির কাছাকাছি না যেতে, তাদের উত্যক্ত না করতে এবং কোনও রকম ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকতে। বন্যপ্রাণীর নিরাপত্তার পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার স্বার্থেও সকলকে বনদপ্তরের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বনদপ্তরের সতর্কবার্তা অমান্য! হাতিকে উত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা চায় নেটিজেনরা।












Leave a Reply