পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি রুপো উদ্ধার করেছে দাসপুর থানার পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা বিষয়টি জানান। ধৃতের নাম আশিষ সিংহ রায়। তিনি ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি ঘাটাল থেকে বাসে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে দাসপুর এলাকায় বাসে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে প্রায় ১০ কেজি রুপো উদ্ধার হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া রুপোর কোনও বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। ফলে রুপোগুলি বাজেয়াপ্ত করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ধৃতকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া রুপোর উৎস ও গন্তব্য সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি ও চেকিং অভিযান অব্যাহত থাকবে। কোথায় ও কখন অভিযান চালানো হবে, তা আগে থেকে জানানো হবে না। অবৈধভাবে সোনা বা রুপোর পাচার কিংবা বেআইনি ব্যবসার সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বাসে তল্লাশিতে প্রায় ১০ কেজি রুপো উদ্ধার, দাসপুরে গ্রেপ্তার এক ব্যক্তি।












Leave a Reply