পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে গয়না পরিষ্কার করে দেওয়ার নাম করে এক বৃদ্ধার হাত থেকে সোনার বালা ছিনিয়ে পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, বৃদ্ধা মিরা ঘোষ বাড়িতে একাই থাকতেন। ঘটনার সময় তাঁর সঙ্গে পরিচারিকা উপস্থিত ছিলেন। বৃদ্ধার অভিযোগ, দু’জন যুবক বাইকে করে এসে নিজেদের পতঞ্জলির প্রতিনিধি বলে পরিচয় দেয় এবং বিভিন্ন ধাতব জিনিসের দাগ বিনামূল্যে পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে দরজা না খুললেও পতঞ্জলির কাগজপত্র দেখানোর পর তিনি তাদের বিশ্বাস করে বাড়িতে ঢুকতে দেন।
অভিযোগ, যুবকরা প্রথমে একটি রুপোর হার বিশেষ ধরনের পাউডার দিয়ে পরিষ্কার করে চকচকে করে দেখায়। এরপর বৃদ্ধার হাতের সোনার বালা পরিষ্কার করার কথা বলে সেটি হাতে রেখেই ঘষতে শুরু করে। সেই সময় এক যুবক জল খেতে চাওয়ায় পরিচারিকা জল আনতে গেলে সুযোগ বুঝে বৃদ্ধাকে ধস্তাধস্তি করে তাঁর হাত থেকে সোনার বালা খুলে নিয়ে বাইরে অপেক্ষারত বাইকে চেপে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিচারিকা ছুটে এলেও ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর আতঙ্কিত বৃদ্ধা জানান, এমন ঘটনার কথা তিনি কখনও কল্পনাও করেননি। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনায় জড়িত তিনজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।
পতঞ্জলির প্রতিনিধি সেজে প্রতারণা! মেদিনীপুরে বৃদ্ধার হাত থেকে সোনার বালা লুট।












Leave a Reply