মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের জলঙ্গিতে পথদুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে জলঙ্গী থানার কালিগঞ্জ এলাকায় বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে একটি অটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ওই যুবক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোলাম গাউস শেখ। তাঁর বাড়ি ডোমকল থানার মামুদপুর এলাকায়। এদিন সকালে তিনি মোটরবাইকে করে জলঙ্গির দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোর সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন গোলাম গাউস শেখ। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে সাদিখাঁর দিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জলঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন উদ্ধার করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply