অনুমোদনহীন গ্যাস গোডাউনে অভিযান, বৈষ্ণবনগরে বিপুল সিলিন্ডার উদ্ধার।

কালিয়াচক, নিজস্ব সংবাদদাতা:—- বৈষ্ণবনগরে অবৈধভাবে গড়ে ওঠা গ্যাসের গোডাউনে হানা দিল মালদহ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযানে দুটি গোডাউন থেকে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মিঠুন মণ্ডল ও চন্দন সরকার নামে দুই ব্যক্তি অনুমোদনহীনভাবে দুটি গ্যাসের গোডাউন চালাচ্ছিলেন। অভিযোগ, সেখানে ব্ল্যাকে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে চড়া দামে বিক্রি করা হত।
গোপন সূত্রে ওই অবৈধ কারবারের খবর পেয়ে অভিযান চালায় মালদহ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযানে নেতৃত্ব দেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্নেহাশিস মুখার্জি। অভিযানে বৈষ্ণবনগর থানার পুলিশও সহযোগিতা করে।
অভিযানের সময় দুটি গোডাউন থেকে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পাশাপাশি মিঠুন মণ্ডল ও চন্দন সরকারকে গ্রেফতার করে পুলিশ। পরে দুটি গোডাউন সিল করে দেওয়া হয় এবং উদ্ধার হওয়া গ্যাস সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অবৈধভাবে গ্যাস মজুত করে কালোবাজারি এবং চড়া দামে বিক্রি বন্ধ করতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয় এবং অবৈধ কারবারীরা যাতে গ্যাস নিয়ে কালোবাজারি করতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *