পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ওয়ার্ক অর্ডার ছাড়াই পঞ্চায়েতে একাধিক কাজ হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার ইতিমধ্যেই রিভিউ করা হচ্ছে। কোথাও দুর্নীতি ধরা পড়লে কাউকেই রেয়াত করা হবে না বলে জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে PMDCCI ও VIPA-র যৌথ উদ্যোগে “Paschim Medinipur – Emerging as a New Industrial Destination” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ-সহ জেলা প্রশাসনের আধিকারিক এবং জেলার বিভিন্ন শিল্পপতি। এই দিনের সভায় পশ্চিম মেদিনীপুরের শিল্প সম্ভাবনা, কর্মসংস্থান এবং শিল্প দূষণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত সরকারের আমলে পঞ্চায়েতের বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন পঞ্চায়েত মন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েতে অনেক কাজ হয়েছে ওয়ার্ক অর্ডার ছাড়াই। যে টেন্ডার ইস্যু হয়েছে, সেগুলির রিভিউ হচ্ছে। দুর্নীতি বেরিয়ে এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, পঞ্চায়েতের কাজে যারা অবৈধভাবে যুক্ত ছিলেন এবং সরকারি অর্থের অপব্যবহার বা লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তদন্তে তা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। সরকারি কাজ ও টেন্ডার সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী স্পষ্ট করে বলেন, যেকোনও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তি পেতে হবে। কাউকেই ছাড়া হবে না।












Leave a Reply