পাওনা চেয়েছিলেন শ্রমিকরা, মিলল বহিষ্কারের ‘শাস্তি’! BDO অফিসে বিক্ষোভ ৩২৮ জনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড স্টেশন চত্বরে ন্যায্য পাওনার দাবিতে সরব হয়ে কাজ থেকে বহিষ্কৃত হলেন ৩২৮ জন শ্রমিক—এমনই অভিযোগ শ্রমিকদের। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
শ্রমিকদের অভিযোগ, চন্দ্রকোনারোড রেট পয়েন্টে টন প্রতি ১২৫ টাকা পারিশ্রমিক ধার্য করা হয়েছে। কিন্তু বাস্তবে তাঁদের দেওয়া হচ্ছে টন প্রতি মাত্র ১০০ টাকা। বকেয়া ও ন্যায্য পারিশ্রমিকের দাবি জানানোয় তাঁদের কাজ থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার চন্দ্রকোনারোড BDO অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ধরনায় বসেন বহিষ্কৃত শ্রমিকরা। তাঁদের দাবি, ন্যায্য পাওনা নিশ্চিত করে দ্রুত কাজে পুনর্বহাল করতে হবে।
পরে শ্রমিকদের পক্ষ থেকে লিখিতভাবে BDO-র কাছে অভিযোগ জানানো হয়। লিখিত অভিযোগ জমা দেওয়ার পর আপাতত ধরনা তুলে নেন শ্রমিকরা। তবে তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *