নদীভাঙনে গৃহহীন পরিবার, গঙ্গায় তলিয়ে গেল স্কুলের বড় অংশ—আতঙ্কে পড়ুয়ারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– গঙ্গার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে নদীভাঙনের আরও ভয়াব রূপ ধারণ করল মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে। ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়েছে পরিবার। বাড়িঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। ভাঙনের গ্রাস থেকে রেহাই পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটা বড় অংশ ইতিমধ্যেই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। প্রায় অর্ধেক স্কুল ভবন গঙ্গা গিলে নেওয়ায় বর্তমানে কার্যত গঙ্গার পাড়ে ঝুলছে বিদ্যালয়টি। যেকোনও মুহূর্তে বাকি অংশও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় বিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত অন্য একটি বিদ্যালয়ের তাদের পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে। তবে নিজের বিদ্যালয় ভবন এভাবে নদীগর্ভে চলে যাওয়ায় আতঙ্ক ও উদ্বেগে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার জলস্তর বৃদ্ধির সঙ্গে ভাঙনের তীব্রতাও ক্রমশ বাড়ছে। রাতারাতি নদীর পাড়ের মাটি ধসে পড়ছে। ইতিমধ্যে বহু পরিবার নিজেদের ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে। তাই দুর্গতরা প্রশাসনের কাছে ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ভাঙন রোধ করা না গেলে আরও বাড়িঘর, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো নদীগর্ভে চলে যেতে পারে। বিশেষ করে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট অংশ রক্ষা করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবী উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *