কৃত্রিম ঘাটতি তৈরি করে বেশি দামে বিক্রি? মালদায় ব্যবসায়ীদের কড়া বার্তা জেলাশাসকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- কালোবাজারি ও ফড়িয়াদের দৌরাত্ম্য রুখতে এবার কড়া পদক্ষেপ নিল মালদা জেলা প্রশাসন। সাধারণ মানুষ যাতে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, তা নিশ্চিত করতে সরেজমিনে বাজার পরিদর্শনে নামলেন প্রশাসনিক কর্তারা।

মালদার জেলাশাসক রাজনবীর কাপুর ইংরেজবাজারের রথবাড়ি এবং নেতাজি পুরবাজারের মতো গুরুত্বপূর্ণ সবজি ও মাছের বাজার পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও।

বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে টাঙানো রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি বাজারে পণ্যের জোগান, বিক্রয়মূল্য এবং ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া দামের বিষয়েও খোঁজ নেন।

কোনও ব্যবসায়ী যাতে কৃত্রিমভাবে পণ্যের ঘাটতি তৈরি করে অতিরিক্ত দামে সামগ্রী বিক্রি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক করেন জেলাশাসক। কালোবাজারি বা বেআইনি মজুতের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এই আচমকা বাজার পরিদর্শন ঘিরে ব্যবসায়ী মহলে তৎপরতা দেখা যায়। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *