পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আছড়ে পড়ার আগেই কি প্রভাব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় অর্ণব? বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত। আর বৃষ্টির জেরে ব্যস্ত জনজীবনের ছবিটাও যেন অনেকটাই বদলে গিয়েছে!
সকাল থেকেই জেলার বিভিন্ন বাজারে, রাস্তাঘাটে সাধারণ মানুষের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। একান্ত প্রয়োজনে যাঁরা বাড়ির বাইরে বেরোচ্ছেন, তাঁদের অনেকেই সঙ্গে রাখছেন ছাতা কিংবা রেনকোট। বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্মেও প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়কে ঘিরে আবহাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই।
তবে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন নজর পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর। দুর্যোগের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার!