মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য পরিষেবায় কড়া নজরদারি, মালদায় পাঁচ নার্সিংহোম বন্ধের নোটিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদায় ১৫টি নার্সিংহোম পরিদর্শন করে ৫টি নার্সিংহোম বন্ধের নোটিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে মালদা জেলাজুড়ে কড়া নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে খাবারের দোকান ও ওষুধের দোকান—সর্বত্র চলছে ধারাবাহিক অভিযান। গত তিন মাস ধরে চলা এই অভিযানে একাধিক অনিয়মের সন্ধান পেয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলার ১৫টি নার্সিংহোম পরিদর্শন করা হয়েছে। তার মধ্যে পাঁচটি নার্সিংহোমকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মভঙ্গের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানাও করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নার্সিংহোমগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে কি না, প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না এবং সরকারি নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনের সময় বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম নজরে আসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে মালদার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী জানান, গত তিন মাস ধরে জেলাজুড়ে এই অভিযান চলছে। সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখা এবং স্বাস্থ্য পরিষেবার মান বজায় রাখতেই প্রশাসনের এই উদ্যোগ।

তবে প্রশাসনের নজরদারি শুধু নার্সিংহোমেই সীমাবদ্ধ নেই। জেলার বিভিন্ন খাবারের দোকানে খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি এবং ওষুধের দোকানে নিয়ম মেনে ওষুধ বিক্রি হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *