পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীপাবলির আগে রঙের উৎসবে মাতল পড়ুয়ারা। রংবেরঙের আবির, ফুল আর প্রদীপ দিয়ে তৈরি হলো একের পর এক চোখধাঁধানো রঙ্গোলি। কোথাও ফুটে উঠল ফুলের নকশা, কোথাও জ্যামিতিক কারুকার্য, আবার কোথাও আবির দিয়ে ফুটিয়ে তোলা হলো প্রদীপ ও জগন্নাথ দেবের প্রতিকৃতি। পড়ুয়াদের এমন সৃজনশীলতায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল বিদ্যালয় প্রাঙ্গণে।
দীপাবলিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলে আয়োজন করা হয়েছে রঙ্গোলি আঁকার প্রতিযোগিতা। বৃহস্পতিবার নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার অন্যান্য শ্রেণির পড়ুয়ারাও এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতাকে ঘিরে এদিন সকাল থেকেই বিদ্যালয়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। রংবেরঙের আবির, ফুল ও প্রদীপ নিয়ে নিজেদের কল্পনাকে রঙ্গোলির মাধ্যমে ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। কেউ একা, আবার কেউ দলবদ্ধভাবে তৈরি করে বিভিন্ন নকশা। রঙের বৈচিত্র্য আর অভিনব শিল্পভাবনায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চলে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার ছবিও ধরা পড়ে পড়ুয়াদের মধ্যে। কারও হাতে রঙের প্রলেপ, কেউ তৈরি করছে নকশা, আবার কেউ ফুল ও প্রদীপ দিয়ে সাজিয়ে তুলছে শিল্পকর্ম। পড়ুয়াদের কথায়, পড়াশোনার বাইরে এই ধরনের সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে তারা খুবই আনন্দিত। বন্ধুদের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাদের কাছে বিশেষ।
বিদ্যালয়ের শিক্ষিকা সোমা চট্টরাজ জানান, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে পড়ুয়াদের সৃজনশীল চিন্তাভাবনা এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতার বিকাশ ঘটে। প্রত্যেক পড়ুয়ার মধ্যেই কোনও না কোনও সুপ্ত প্রতিভা রয়েছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সেই প্রতিভাকে সামনে আনার চেষ্টা করা হয়।
বর্তমানে মোবাইল ও ডিজিটাল বিনোদনের যুগে পড়ুয়াদের শিল্প-সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে, দীপাবলির আগেই পড়ুয়াদের হাত ধরে রঙিন হয়ে উঠল ডিএভি পাবলিক স্কুলের প্রাঙ্গণ। রঙ্গোলির প্রতিটি নকশায় যেন আগাম ধরা দিল আলোর উৎসবের আনন্দ।